রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে কাফরুল থানার বাইশটেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৩০) শীর্ষ সন্ত্রাসী বলে পুলিশ দবি করেছে।

কাফরুল থানার এসআই মইনুদ্দিন জানান, সালাম নামের এক সন্ত্রাসী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ভাষানটেক এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। ভাষানটেক ৪ নম্বর বস্তি এলাকায় অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সালাম বাহিনী। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে সালাম গুলিবিদ্ধ হয়।

পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওই এসআই। তিনি জানান, ভাষানটেক থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে যার একটি খালি ও অপরটি গুলি ভর্তি।

নিহত আব্দুস সালাম পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে। সে ভাষানটেক বস্তিতে থাকত।

এএইচ