কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৭ হাজার ইয়াবাসহ প্রিমিয়ার সিমেন্টের একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ সময় পুলিশ তিন জনকে আটক করে।
অপরদিকে, এক হাজার ইয়াবাসহ বেসরকারি সংস্থা এসিএফ'র একজন চিকিৎসককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার মৃত মুফিজুর রহমানের ছেলে মো. সোহাগ (৩০), ভোলা জেলার আলী নগর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. জাফর ইকবাল (৩০) ও একই জেলার চরগাজী গ্রামের রজব আলীর ছেলে মো. ইউসুফ (৩২)।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দেওয়ান আবুল হোসেন জানিয়েছেন, শনিবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ বিদেশি সংস্থা এসিএফ-এ কর্মরত চিকিৎসক দেবাশীষ রঞ্জনকে (৪০) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
টেকনাফ থানার অফিসার ইনজার্চ (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশ প্রিমিয়ার সিমেন্টের গাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় কক্সবাজারগামী (ঢাকা মেট্টো ১১-২৩৪৩) প্রিমিয়ার সিমেন্টের কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান তিনি।
ইআর





