রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরে ছয় বাসযাত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ১ এর বিচারক মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে আগামী ২২ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

সরকারি পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক এ্যাডভোকেট জানান, চলতি বছরের ১৩ জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এত ৬ যাত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার ঘটনায় জামায়াত-শিবিরের ১৩২ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এর মধ্যে ৫৩ জন আসামি কারাগারে রয়েছেন। এখনো ৭৯ জন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপরও তারা আদালতে হাজির হয়নি। এদিন মামলায় অভিযোগ করার শুনানির দিন ধার্য ছিল। বিচারক ১৩২ জন আসামির সকলের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর আগামী ২২ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছর ১৩ জানুয়ারি রাতে কুড়িগ্রামের উলিপুর থেকে খলিল এন্টারপ্রাইজ নামে নৈশকোচ ঢাকায় যাওয়ার সময় রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ৬ যাত্রী জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।

কেএইচ