প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বলেছেন, ‘জাতির পিতা সাহসের প্রতীক, শক্তির প্রতীক। আমরা শক্তি যোগাতে এখানে আসি।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ নিয়ে যতদিন আলোচনা হবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না। তিনি স্মরণীয়-বরণীয় হয়েই আমাদের মাঝে থাকবেন।’
এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তক অর্পণ, ফাতেহা ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লেখেন।
পরে তিনি সদর উপজেলার ১৬নং কাজুলিয়া ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ওই কেন্দ্রের উদ্যোক্তা মুকুল শেখের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন।
এরপর তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের পিঠাবাড়ি গ্রাম উন্নয়ন সমিতি পরিদর্শন করেন এবং সুফলভোগীদের খোঁজখবর নেন।
এ সময় গোপালগঞ্জের ডিডিএলজি মইনুল হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বিআরডিবির উপ-পরিচালক জয় প্রকাশ বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী, কাজুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহন সরদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জেআই





