গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আনিসুর রহমান (৭১) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। মৃত আনিসুর রহমান ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে।

এ বছর বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- নরসিংদীর মনোহরদী থানার মাসিমপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি, চট্টগ্রামের রাউজান থানা সদরের আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মুফাজ্জল হোসেন খান, গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব, সিলেটের নুরুল হক এবং মুন্সীগঞ্জের আক্কাস আলী।

এদিকে, বিশ্ব ইজতেমার প্রথব পর্বের তৃতীয় দিনের বয়ান রোববার (১৫ জানুয়ারি) ফজর নামাজের পর থেকে শুরু হয়েছে। বয়ান শুরু করেন ভারত থেকে আগত মাওলানা আবদুর রহমান। তার বয়ানের পরই হেদায়েতি বয়ান হওয়ার কথা রয়েছে। হেদায়েতি বয়ান শেষ হলে শুরু হবে আখেরি মোনাজাত। হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের সুরাসদস্য কারি মোহাম্মদ জোবায়ের।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পক্ষের (সা’দ অনুসারী) ইজতেমার আয়োজন।

এবিএস