বঙ্গোপসাগরে জেলেদের চারটি ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়েছে। তাদের ছোড়া গুলিতে সিডু মাঝি (৪০) নামে এক জেলে নিহত ও অন্তত ১০ জেলে আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোলার চরফ্যাশনের কালকিনী এলাকায় এ গণডাকাতির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে মোসলে উদ্দিন, রফিক, সাহাজল ও আলমগীরের নাম পাওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় জেলেরা জানান, দৌলতখান উপজেলার জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরছিল। এ সময় একদল জলদস্যু অস্ত্রের মুখে জেলে নৌকায় গণডাকাতি চালায়।

জেলেরা বাধা দিতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে দস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নিহত ও ১০ জেলে গুলিবিদ্ধ হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, জেলেদের ট্রলারে দস্যুদের হামলার খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নেয়া হচ্ছে।

এআর