যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় তার ভাই আনিসুর আহত হন।

নিহত আব্দুল বারিক (২৮) ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চৌগাছা থানার উপপরিদর্শক আকিকুল ইসলাম জানান, প্রতিবেশীর সাথে জমি নিয়ে কোন্দলে খুন হয়েছে বারিক। সকাল ১০টার দিকে বারিক তাদের পুকুরে মাছ ধরছিল। এসময় প্রতিবেশী নান্নু, জুলু, আরিফসহ কয়েকজন তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তাকে রক্ষা করতে এসে আহত হন তার ভাই আনিসুর। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পরস্পরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জেড