মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই কর্মকর্তা মারা গেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের কলেজ রোডে প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুতায়ন অফিসের ডাটা সেকশন কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০)।

নিহত হাবিবুর রহমানের বাড়ি রংপুর জেলার হটকাটিয়া ও শরীফুল ইসলামের নীলফামারী জেলার কানিয়ানহাতা গ্রামে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আব্দুল জলিল জানান, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের পাশের মাঠে শিশুমেলা চলছিল। বিকালে নিহত দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে মেলা দেখতে যাচ্ছিলেন। এসময় একই দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় দুই কর্মকর্তা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালককে আটক করা সম্ভব হয়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএইচ