বরগুনা জেলার পাথরঘাটার বাদুরতলা এলাকার বিষখালী নদীতে একটি ট্রলার থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার এবং হরিণের প্রায় ২০০ কেজি মাংস জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ রোববার ভোররাত তিনটার দিকে এ অভিযান চালায় কোষ্ট গার্ড। এ ঘটনায় ট্রলারটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।            

কোস্ট গার্ডের পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অবস্থানরত একটি ট্রলারকে ধাওয়া করা হয়। একপর্যায়ে ট্রলারটি বাদুরতলা এলাকায় নদীতে নোঙর করে। ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রলার থেকে দুটি জীবিত হরিণ ও হরিণের প্রায় ২০০ কেজি মাংস উদ্ধার করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, পাথরঘাটা বন বিভাগের কাছে জীবিত হরিণ ও হরিণের মাংস হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।            

পাথরঘাটা সদর বন বিভাগের বিট কর্মকর্তা মো. হুমায়ূন কবির তালুকদার বলেন, হরিণের মাংস নষ্ট করে মাটিতে পুতে ফেলা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জীবিত হরিণ দুটিতে বনে অবমুক্ত করা হবে। এ ঘটনায় মামলা হবে।পাথরঘাটায় উদ্ধার হওয়া হরিণের মাংস।

ইআর