রংপুর থেকে সরকারি ব্যবস্থাপনায় ২৭৬ জন হজযাত্রী প্রস্তুতি নিতে পারছে না। কারণ শুধুমাত্র ব্যাগের অভাব। তাই হজে যাওয়া নিয়ে চরম অনিশ্চতার মধ্যে রয়েছেন তারা। বিপাকে পড়েছেন মোয়াল্লিমরাও। অথচ বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ব্যাগপত্র অনেক আগেই এসেছে। আট উপজেলার এসব হজ গমনেচ্ছুকরা গত কয়েকদিন থেকে শুধু ব্যাগের আশায় ইসলামিক ফাউণ্ডেশনে এসে ঘুরে যাচ্ছেন। এ অবস্থায় তারা খুব বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হজযাত্রীরা।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা জানান, আগামী ১২ আগস্ট ঢাকায় হজ অফিসে রিপোর্ট করতে হবে তাদের। কিন্তু গতকাল পর্যন্ত সরকারিভাবে হজ অফিস থেকে দেয়া সরকারি ব্যাগ এখনও রংপুরে এসে পৌঁছায় নি। যে কারণে গত শুক্রবার বন্ধের দিনেও হজ গমনেচ্ছুকরা রংপুর ইসলামিক ফাউণ্ডেশনে গিয়ে মোয়াল্লিমদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন।

সূত্র জানায়, বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন ইতোমধ্যেই হজ অফিস থেকে দেয়া নির্ধারিত ব্যাগ তাদের কাছে পৌঁছেছে। তারা সেগুলোতে প্রয়োজনীয় সামগ্রী লোড করে হজের প্রাথমিক প্রস্তুতি সেরেছেন। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুক রংপুর জেলার ২৭৬ জনের কাছে এখনও ব্যাগ পৌঁছায়নি।

এবার রংপুর থেকে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য টাকা সাবমিট করেছেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি জয়নাল আবেদীন। তিনি জানান, শনিবার পর্যন্ত হজ অফিস থেকে কোন ব্যাগ আসেনি। হজ পরিচালকের কাছে দফায় দফায় মোবাইল করেও তাকে পাওয়া যায়নি।

আমাদের নির্ধারিত মোয়াল্লিমরা বলছেন, ঢাকা থেকে ব্যাগ দেয়া হচ্ছে না। তাই আপনাদের দিতে পারছি না। কবে ওই ব্যাগ আসবে তাও জানাতে পারছেন না তারা। এ অবস্থায় আমরা খুব বিপাকে পড়ে গেছি। হজে যাওয়ার আগে আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী এবং সহকর্মীদের কাছে দোয়া না নিয়ে এখন ইসলামিক ফাউণ্ডেশনে গিয়ে ধর্ণা দিচ্ছি। কিন্তু সুরাহা হচ্ছে না। বিষয়টি তিনি অবিলম্বে সুরাহার করার জন্য প্রধানমন্ত্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ইআর