বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারণে চট্টগ্রামে দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে ভোর থেকে। কাজীরদেউড়ির চট্টগ্রাম সার্কিট হাউস, শিশুপার্ক, বহদ্দারহাট, হালিশহর সোনালী ব্যাংক সড়কসহ বিভিন্ন জায়গায় বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে।

সোমবার ভোর থেকে আকাশ মেঘে ঢেকে যায়। এ সময় প্রাইভেটকারসহ যান্ত্রিক গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

সকাল ৮টা থেকে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। এতে সকালের পালার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ কর্মস্থলমুখী মানুষকে দুর্ভোগে পড়তে হয়। বাস, টেম্পো, অটোরিকশা, রিকশা চলাচল কমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেক যাত্রীকে।

অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হওয়ায় অনেকেই বৃষ্টিতে ভিজে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, চট্টগ্রামে সকাল ৯টা ১০ মিনিট থেকে সোয়া ৯টার মধ্যে সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া রেকর্ড করা হয়। সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।