খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া বিজিবি ব্যাটালিয়ন সদর স্থাপন ও ভূমি অধিগ্রহণ নিয়ে সৃষ্ট বিরোধপূর্ণ এলাকা পরিদর্শনে আসছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহবায়ক ফজলে হোসেন বাদশাসহ ৮ সদস্য রয়েছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিনিধি দলটি সোমবার দুপুর ১টায় খাগড়াছড়ি পৌঁছাবে। প্রথমে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিকাল ৩টায় দীঘিনালার বাবুছড়া বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শনে যাবে।’

প্রতিনিধি দলটি সন্ধ্যায় পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান ও মঙ্গলবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম ও বিজিবি’র ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল আবুল কালাম আজাদের সঙ্গে বৈঠক করবে।

প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটি সদস্য আবদুল লতিফ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মিজ ফিরোজা বেগম চিনু, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য নাজমুল হক প্রধান, মো. ইয়াছিন আলী ও ককাসের টেকনিক্যাল কমিটির সদস্য মিজ জান্নাত-এ ফেরদৌসী।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই