রাজধানীর মিডফোর্ড এলাকায় অভিযান চালিয়ে ৭২০ বোতল নকল জিনসেং ওষুধ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ওষুধগুলো উচ্চ মাত্রার যৌন উত্তেজক বলে জানা গেছে।
সোমবার গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকীর নেতৃত্বে একটি দল রাজধানীর মিডফোর্ড এলাকায় একটি মার্কেটে অভিযান চালিয়ে ওষুধসহ একজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃঞ্চপদ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিডফোর্ড এলাকার সরদার মেডিসিন মার্কেটে প্রথমে ক্রেতা সেজে জিনসেং ওষুধ চাওয়া হয়। দোকানের মালিক জিনসেং-এর বোতল দিলে তা ইন্ট্রাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি মো. শাহীন আলমকে দেখানো হয়। তিনি ওষুধটিকে নকল বলে জানান। এরপর ওই মার্কেটে অভিযান চালানো হয়। সেখান থেকে ৭২০ বোতল নকল জিনসেং প্লাস ওষুধ উদ্ধার করা হয় এবং ব্রাদার্স মেডিসিনের মালিক আব্দুল জলিল (২৪) কে আটক করা হয়।
ইন্ট্রাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি প্রস্তুত করে। এই ঘটনার পর ইন্ট্রাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে কোম্পানির প্রতিনিধি মো. শাহীন আলম সরকার বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-গ ধারায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





