কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং টাইংগাকাটা এলাকায় ১০টি মর্টার শেলের সন্ধান পাওয়া গেছে।

শনিবার বিকেলে একটি সড়ক সংস্কারের মাটি কাটতে গিয়ে শ্রমিকরা এগুলোর সন্ধান পান।

রাস্তার সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক আবদুল আলম, মো. আয়াছ, জাকারিয়া ও ছৈয়দ আলম জানান, সড়কটির মাটি কাটার সময় সেখানে শক্ত বস্তুর সন্ধান পান তারা। এর এক পর্যায়ে এ বস্তুগুলো বেরিয়ে আসে।

খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, মাটি খোঁড়ার সময় শ্রমিকরা বোমাসদৃশ বস্তু দেখে তাকে জানালে তিনি ওই স্থানে যান এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া মর্টার শেলগুলোকে প্রথমে বোমা মনে করা হলেও পরে তাকে মর্টার শেল বলে নিশ্চিত হওয়া যায়। প্রতিটি মর্টার শেলের ওজন প্রায় দশ কেজি।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্ণেল (সিও) মহিউদ্দিন, ২ ফিল্ড আর্টিলারির ক্যাপ্টেন কাওসার, উখিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার জসিম উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইকুল আহম্মেদ ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে এবং সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো নিষ্ক্রিয় করা হতে পারে বলে জানা গেছে।

উদ্ধারকৃত মর্টার শেলগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ব্রিটিশ সৈন্যরা ব্যবহার করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এএইচ