সিরাজগঞ্জের মোল্যাবাড়ীতে মধ্য যমুনায় নির্মিত পাউবোর বালির ক্রসবার বাঁধে আবারও ধস নেমে বাঁধের প্রায় ৬০ মিটার যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় ধসের এ ঘটনা ঘটে।

ওই সময় থেকে ধস ঠেকাতে জরুরিভিত্তিতে বালিভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। তবে ধস এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পাউবো দাবি করেছে।

জানা যায়, পানিসম্পদ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত টাস্কফোর্সের একটি প্রতিনিধি দল ও পানি উন্নয়ন বিভাগের প্রতিনিধিরা ধস ঠেকানোর কাজের তদারকি করছেন। চলতি বছর বর্ষার শুরুতে এ নিয়ে চতুর্থবারের মতো এ ধস দেখা দিয়েছে।

চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠান এই বাঁধ মজবুতকরণ ও রক্ষণাবেক্ষণের কাজ করছে। সিরাজগঞ্জে যমুনা নদীর গভীরতা ও নৌপথের নাব্য সৃষ্টি, নদীর উভয় পাড়ের জমি পুনরুদ্ধার, ভাঙনরোধ, অতিবন্যা প্রতিরোধসহ বঙ্গবন্ধু যমুনা সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা সুদৃঢ়করণের লক্ষ্যে প্রমত্তা যমুনা খনন করে অপসারিত বালি দিয়ে মধ্য যমুনায় ৪টি ক্রসবাঁধ নির্মাণ করা হয়। মোল্যাবাড়ী তিন নম্বর ক্রসবার বাঁধ হিসেবে পরিচিত।

এদিকে বাঁধ ধসের খবর পেয়ে স্থানীয় এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বগুড়া) একেএম মমতাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার সালাউদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা বাঁধ এলাকা পরিদর্শন করেন।

এর আগে ১১ জুলাই প্রায় ৩০০ মিটার, ২৭ জুলাই প্রায় আরও ৫০ মিটার, ৩০ জুলাই ৫০ মিটার ও সবশেষে ৮ আগস্ট আরও ৬০ মিটার ধসে যায়। তবে একই বাঁধে একাধিকবার ধসের কারণে পাউবো এখন বেকায়দায় পড়েছে।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই