নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসে নারী পোশাক শ্রমিক গণধর্ষণের মূল হোতা বাস চালক চাঁন মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সাভার গেন্ডা স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে চান্দুকে আদালতে হাজির করা হয়েছে। পরে নারায়ণগঞ্জ জেলা মূখ্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় সে।

উল্লেখ্য, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি এলাকার বালুর মাঠে গত ১১ মে রাতে আড়াইহাজার উপজেলার ‘ফকির ফ্যাশন’ গার্মেন্টের শ্রমিক বহনকারী বাসে করে বাসায় ফিরছিলেন ঐ নারী শ্রমিক। অন্যান্য শ্রমিকরা তাদের গন্তব্যে নেমে যাওয়ার পর বাসের চালক, হেলপার ও তার দুই সহযোগী মিলে তার ওপর নির্যাতন চালায়। পরে তাকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায় ধর্ষকরা।

এই ঘটনায় নির্যাতনের শিকার ঐ নারীর বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় বাস চালক চাঁন মিয়া ওরফে চান্দুসহ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ বাসের হেলপার রুবেলসহ বাসটি আটক করে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো: মঞ্জুর কাদের জানান, এই ঘটনার মূল হোতা বাস চালক চাঁন মিয়াকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে চাঁন মিয়ার ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি নেয়া হয়েছে।

জেআই