আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমা।

দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ প্রার্থনা করে বাংলায় মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। আজ সকাল সাড়ে ৭টা থেকে হেদায়েতি বয়ান শুরু হয়েছে। বয়ান করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের টঙ্গীমুখী স্রোত অব্যাহত রয়েছে। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে হাজার হাজার মুসল্লি টঙ্গীতে জমায়েত হচ্ছেন।

মুসল্লিদের সুবিধার্থে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ইজতেমা মাঠসংলগ্ন ঢাকার আব্দুল্লাহপুর, কামাড়পাড়া, গাজীপুরের ভোগড়া বাইপাস ও মীরেরবাজ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ১৫টি শাটল বাস তাদের আনা-নেয়া করবে।

গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা এসএম রাহাত হাসনাত জানান, ভিড়ের কারণে যারা মূল ময়দানে যেতে পারবেন না, আখেরি মোনাজাতে তাদের শরিক হতে টঙ্গীর মধুমিতা রোড, টঙ্গী বিসিক এলাকা, নোয়াগাঁও এবং চেরাগআলীর বিভিন্ন শাখা সড়কে মোনাজাতের মাইকের সঙ্গে পর্যাপ্ত মাইকের সংযোগ দেয়া হবে। একই সংখ্যক মাইক ঢাকা অংশেও সংযোগ দেয়া হবে।

টঙ্গীর তুরাগ তীরে দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লির জমায়েতের মধ্যদিয়ে গেলো ১২ জানুয়ারি শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এতে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুসল্লিরা অংশ নেন। গত ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছিল ওই পর্ব। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া ইজতেমার দ্বিতীয় পর্বে অন্য ১৪ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।

জেড