রাজধানীর শনির আখড়ার বাঁশপট্টি এলাকায় বাসের ধাক্কায় কৃষ্ণ চক্রবর্তী (৩৮) নামের এক ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কৃষ্ণ চক্রবর্তী এ সময় মোটরসাইকেলে কাঁচপুর যাচ্ছিলেন।
নিহত কৃষ্ণ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার নারায়ণ চক্রবর্তীর ছেলে। রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় স্ত্রী মিশু চক্রবর্তীকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শী রাসেল ও সুমন জানায়, বাঁশপট্টি এলাকায় কৃষ্ণ চক্রবর্তী মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামীর একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন স্ত্রী মিশু চক্রবর্তী। তিনি জানান, তিনি কাঁচপুরে একটি ফার্মাসিউটিক্যালে কর্মরত। তার স্বামী বিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এরিয়া ম্যানেজার হিসেবে সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত ছিলেন। ঘটনার সময় তাকে আনার জন্য কৃষ্ণ চক্রবর্তী কাঁচপুর যাচ্ছিল।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





