সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের দিকে ১৬ বছরের ওই কিশোরীর মৃত্যু হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, “দুই মাস আগে থেকেই ওই কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়। আর্থিক অভাবের কারণে চিকিৎসা করাতে পারেনি পরিবার। এজন্য তার ফুসফুসে পানি জমে যায়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। সেই সঙ্গে তার সমস্ত শরীর ফোলা ছিল। তারপর ডাক্তাররা এসে অক্সিজেন দেন। এরপর দুপুরে তার মৃত্যু হয়।”
তিনি আরও জানান, বিশেষজ্ঞদের পরামর্শে কিশোরীর লাশ তার পরিবারের কাছে স্বাভাবিকভাবে হস্তান্তর করা হয়। তান জানাজাও স্বাভাবিকভাবে করার জন্য বলা হয়েছে।
শামসুদ্দিন হাসপাতালের অধীক্ষক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বলেন, আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, সে কোনো বিদেশির সংস্পর্শে যায়নি। সে জন্য তার করোনা পরীক্ষার দরকার নেই। কারণ আমাদের চিকিৎসকরা এটিকে স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন। আমরা কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরিবার স্বাভাবিক প্রক্রিয়ায় লাশ দাফন করবেন।
এমবি





