রাজধানীর পৃথক দু’টি অপহরণের ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন সোহেল রানা সুমন (৩০), পারভিন (৪৫) এবং মিন্টু (৩২)।

অভিযানে অপহৃত দুইজনকে উদ্ধারও করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নাজমুল আলম, মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুর রহমান।

ডিএমপি যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, গত মে মাসে রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে এক কিশোরীকে অপহরণ করা হয়। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। অপহরণের পর অপহরণকারীরা ওই কিশোরীকে আটকিয়ে জোর করে দেহ ব্যবসায় লিপ্ত করে।

প্রায় আড়াই মাস টঙ্গি এলাকার এক বাসায় ওই কিশোরীকে দিয়ে জোর করে দেহব্যবসায় নিয়োজিত রাখে অপহরণকারীরা।

গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গি এলাকায় অভিযান পরিচালনা করে পারভিন ও মিন্টু নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করে।

এদিকে গত ২১ জুলাই মতিঝিল এলাকা থেকে আব্দুল কাদের লিটন নামে এক কিশোরকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের নিকট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে লিটনকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণকারী সোহেল রানা সুমনকে আটক করে। আটককৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ঢাকা, জেইউ, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম//এসএইচ