বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন ভাঙতে আরও এক বছর সময় চেয়েছে ।
সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করে বিজিএমইএ। তাদের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, ভবন থেকে সরতে আরও এক বছর সময় চেয়েছে বিজিএমইএ। কারণ, রাজউক জমি দিয়েছে, এখন সব কিছু প্রক্রিয়াধীন আছে। তাই সময় চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে। ঈদের ছুটির পর আবেদনটি আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিজিএমইএ'র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ভবন থেকে সব কিছু শিফট করতে তো অনেক সময়ের প্রয়োজন। সব কিছু এখন প্রক্রিয়াধীন। তাই সর্বোচ্চ আদালতে সময় চেয়েছি।
সর্বশেষ বিজিএমইএ ভবন ভাঙতে গত ১২ মার্চ ছয়মাসের সময় দিয়েছেন আপিল বিভাগ। বিজিএমইএ'র তিন বছরের সময়ের আবেদনের শুনানি নিয়ে ওইদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ সময় দেন।
ওইদিন আদালতে বিজিএমইএ'র পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।
এএইচ





