মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে রূপচাঁদ শেখ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোনাপুর সীমান্তের মেইন পিলার ১০৬-এর সাব পিলার ৪-এর কাছে জমিতে সেচ দেওয়ার সময় শনিবার ভোরে রূপচাঁদকে ধরে নিয়ে যাওয়া হয়। রূপচাঁদ শেখ সোনাপুর গ্রামের ফকির শেখের ছেলে।

জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমির মজিদ মুঠোফোনে জানান, রূপচাঁদ শেখ সীমান্তে কাঁটাতারের বেড়াসংলগ্ন জমিতে পানি সেচ দিতে গিয়েছিলেন। যাওয়ার সময় ভারতীয় সীমানার মধ্যে প্রবেশ করায় সেখানে টহলরত ভারতের নদীয়া জেলার চাঁপড়া থানার জিন্দা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাঁকে ধরে নিয়ে যায়।

আমির মজিদ আরও জানান, ঘটনাটি জানার পর মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে সকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। কোনো উত্তর মেলেনি। তবে জানানো হয়েছে বিএসএফ রূপচাঁদকে পশ্চিমবঙ্গের চাঁপড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

জারিফ