করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৬০ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৬৫ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২ হাজার ৩০৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৭৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।
মঙ্গলবার (০১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৫৩৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০টি। এখন পর্যন্ত ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ১৩৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫২১ জন।
বয়স বিশ্লেষণে মৃত্যু ৪১ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ২ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
এমবি





