মুন্সীগঞ্জের গজারিয়ায় বরযাত্রীবাহী গাড়ি বহরের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বরযাত্রী বহরের ৪টি গাড়ি ভাঙচুর ও লুটপাট হয়। এতে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

গজারিয়ার রসুলপুর ফেরিঘাট এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন, পারভেজ (২৫) ও মো. সাগর (২৮)।

গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ফেরদৌস আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যার পরই গজারিয়া উপজেলার গোসাইচর গ্রাম থেকে নববধূকে নিয়ে বরযাত্রীর বহরটি রাজধানী ঢাকার বাড্ডার উদ্দেশ্যে যাচ্ছিল।

বরযাত্রীর বহরটি উপজেলার ফুলদি নদীর ফেরিতে উঠলে ফেরির ভাড়া নিয়ে লাইনম্যানদের সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে ফেরি রসুলপুর ঘাটে যাওয়ার পর উপজেলা পরিষদ এলাকায় সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান সাদেকুর রহমানের নেতৃত্বে ফেরির কর্মচারীরা একাট্টা হয়ে বরযাত্রীর বহরের ওপর হামলা চালায়। এ সময় চারটি গাড়ি ভাঙচুর ও লুটপাট চালয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় গজারিয়া থানায় বরযাত্রীর পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ফেরদৌস আহমেদ।

কেএইচ