রাজধানীর গুলশানে মো. মঞ্জুরুল ইসলাম (২৩) নামে এক আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য নিজের গুলিতে আহত হয়েছেন।

শনিবার রাত আড়াইটার দিকে গুলশান এক নম্বর এলাকার ব্রিজের পাশে পুলিশ চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

তার সহকর্মী পুলিশ সদস্য মো. জাহিদ হোসেন জানান, রাতে তারা ডিউটি করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে দেখতে পান মঞ্জুরুল ইসলামের থুতনিতে গুলি লেগেছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদাউস বিশ্বাস জানান, কর্তব্য পালনের সময় শনিবার রাত আড়াইটার দিকে পুলিশ সদস্য মো. মঞ্জুরুল ইসলামের থুতনিতে গুলি লেগেছে। তিনি নিজে আত্মহত্যা করার জন্য গুলিটি করেছেন, নাকি অসাবধানতাবসত গুলিটি বের হয়ে গেছে- তাৎক্ষণিক তা বোঝা যাচ্ছে না।

তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) স্থানন্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ