আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে পুলিশের তালিকাভুক্ত 'শীর্ষ সন্ত্রাসী' জাকির মোস্তফাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জাকির ঘোনাপাড়া এলাকার আবুল বশরের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পাহাড়তলী এলাকার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত জাকির মোস্তফাকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে হত্যার পর তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাকির মোস্তফার বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। তাকে কে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হবে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের চিহ্নিত ও তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে।
জেএ





