বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ৫টি গরু মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের ডাকাতমারা চরে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন।
বগুড়ায় নিহত মা-ছেলে হলো সোনাতলা উপজেলার সীমান্তবর্তী গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব কামারপাড়ার আবদুস সালামের স্ত্রী বিলকিস বেগম (৪০) ও তাঁর ছেলে স্কুলপড়ুয়া সোহেল রানা (১৫)।
একই সময় সদর ইউনিয়নের নিজ বাটিয়া চরের তহসিনের ছেলে সুমন (৩২) পাট ধোয়ার সময় বজ্রপাতে আহত হয়। তাকে সারিয়াকান্দি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তানিয়া খাতুন (১৫) স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়। তানিয়া কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মোমিন প্রামানিকের মেয়ে।
সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের তবিবর রহমান ফকিরের ছেলে সুমন (২১) কালিতলা গ্রোয়েন বাঁধে চায়ের দোকানে বজ্রপাতে আহত হয়।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এএস





