মাদারীপুরের শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান (৬৫) শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।
সামসুদ্দিন খান শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের কমান্ডার ছিলেন।
শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সেলিম বলেন, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি বুধবার শ্বাসকষ্টে মারা গেছেন।
উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন বলেন, তিনদিন আগে ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও চাচাকে ভর্তি করাতে পারিনি। পরে বাড়িতে ফিরে আসি। মঙ্গলবার চাচার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করি। সেখানেই চাচার মৃত্যু হয়েছে।
এমবি





