কক্সবাজারের টেকনাফে ডাকাত দলের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টেকনাফের ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ ও অস্ত্র উদ্ধার করেছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ বলেন, ভোরে টেকনাফের ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ডাকাত আবদুল হাকিম ও নুরুল হাকিম গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় একটি বন্দুক, একটি এলজি ও গুলি উদ্ধার করা হয়।

এফএফ