টাঙ্গাইলের ঘাটাইল, রাজশাহীর বেলপুকুর ও ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তিন মাদক বিক্রেতা।
টাঙ্গাইলের ঘাটাইলে র্যাব-১২ এর সঙ্গে একদল মাদক পাচারকারীর গুলি বিনিময় হয় রাত সাড়ে ১২ টায়।
এতে কুখ্যাত মাদক বিক্রেতা আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিহত হন। এ সময় বিপুল পরিমাণ মাদক, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে দুই র্যাব সদস্যও আহত হয়েছেন।
রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লিয়াকত আলী মণ্ডল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল এবং ৮২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রোববার দিবাগত মধ্যরাতে বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত পুঠিয়া উপজেলার নামাজগ্রামের বাসিন্দা। তার বাবার নাম জাব্বার আলী।
র্যাব-৫, রাজশাহীর উপঅধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষুদ্র জামিরা গ্রামের একটি আম বাগানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও এ সময় পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে লিয়াকতকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের কালীগঞ্জ নরেন্দ্রপুর এলাকায় র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' ছব্দুল মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছব্দুল মণ্ডল উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা ও একটি হেলমেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
ঝিনাইদহ র্যাব-৬ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি গোলাম মোর্শেদ জানান, মোটরসাইকেলে মাদকের চালান নিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরেন্দ্রপুর এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এ সময় ছব্দুল মণ্ডলকে থামাতে সংকেত দিলে সে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে সে নিহত হয়। ছব্দুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বলেন, বন্দুকযুদ্ধে নিহতের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
জেড





