বগুড়ার সোনাতলা উপজেলায় কাপড় চুরির অভিযোগে দু’জনকে নাকে খত ও মাথার চুল কেটে রাস্তায় ঘুরিয়েছে স্থানীয়রা। এ সময় ‘আমি চুরি করেছি’ লেখা কাগজ তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে সোনাতলা বটতলা সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন গাবতলী উপজেলার সুখানপুকুর (বালুচর) গ্রামের দুলাল প্রামানিকের ছেলে শুকুর আলী (২২) ও সোনাতলা উপজেলার শিহিপুর দক্ষিন পাড়ার কলিম উদ্দিন শেখের ছেলে এরশাদ আলী (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাতলা উপজেলার সুখানপুকুর এলাকার বিভিন্ন বাড়িতে পুরাতন কাপড়, মোবাইল ফোন, নগদ টাকাসহ জিনিসপত্র চুরির অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আসাদুজ্জামান উজ্জ্বলের লোকজন তাদেরকে বেদম মারপিট করে চুরির বিষয়টি স্বীকার করিয়ে নেয়।
আসাদুজ্জামান উজ্জ্বল ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে জানান, আমি বা আমার লোকজন তাদেরকে মারপিট করেছে, কথাটি সঠিক নয়। যা কিছু ঘটেছে, উত্তেজনাবশত সাধারণ জনতা ঘটিয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, এটা পুলিশের কোনো বিষয় নয়।
এএইচ





