নতুন করে আরও ৬টি ওয়াটার বাস চালু করলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

রোববার দুপুরে রাজধানীর সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে নতুন ৬টি ওয়াটার বাসের উদ্বোধন ঘোষণা করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘ভর্তুকি বা আর্থিক ক্ষতি করে সেবা দেওয়া অন্যায় নয়। আর্থিক লাভের জন্য নয় বরং সেবার লক্ষ্য নিয়ে আমরা এ ওয়াটার বাসের সেবা চালু করছি।’ তিনি জানান, সংবাদ মাধ্যমে বলা হচ্ছে প্রতিদিন ওয়াটার বাসে ক্ষতি হচ্ছে ৫০ হাজার টাকা। আসলে তথ্যটি সত্য নয়। প্রকৃত তথ্য হলো প্রতিদিন ২৫ হাজার টাকা ক্ষতি হচ্ছে।’

 বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চোখের ডাক্তার দেখানোর পরমর্শ দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া বর্তমান সরকারের কোনো উন্নয়নই দেখতে পাচ্ছেন না। তার দেখতে না পাওয়ারই কথা। কেননা, উনার চোখে ছানি পরেছে। বয়স হয়ে গেলে চোখে ছানি পরেই থাকে।’ 

শাহজাহান খান বলেন, ‘অতীতের চেয়ে বর্তমানে অনেক দৃশ্যমান উন্নয়ন হয়েছে নৌ মন্ত্রণালয়ে। ভবিষ্যতে আরও উন্নয়ন হবে।’ এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন।

২০১০ সালে প্রথম দুটি ওয়াটার বাস চালু হয়। এর কিছুদিন পরও আরও চারটি ওয়াটার বাস চালু হয়। প্রতিদিন ২৫ হাজারের অধিক আর্থিক ক্ষতি হচ্ছে এসব বাসে। যাত্রী সঙ্কট, নিয়ম বর্হিভূতভাবে চলাচল ও তেল চুরিকে এই ক্ষতির প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেআই