বাগেরহাটে শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার কারণে ওই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়, ওই সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

নৌ-মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারটি ‘ওটি সাউদার্ন স্টার-৭’  উদ্ধারসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার খুবই আন্তরিক। ডুবে যাওয়া ট্যাঙ্কার থেকে নির্গত তেল ছড়িয়ে পড়া রোধকল্পে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সার্বিক প্রস্তুতি তদারকির জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলামকে সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়েছে।

ধাক্কা প্রদানকারী অপর তেলবাহী জাহাজ ‘এমটি টোটাল’কে বুধবার ভোলা থেকে আটক করা হয়েছে এবং সেটির সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করা হয়েছে।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (টাস্কফোর্স) নূর-উর-রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহম্মেদের নেতৃত্বে গঠিত অপর একটি তদন্ত কমিটি ইতোমধ্যে ট্যাংকার ডুবির ঘটনা তদন্তের কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে সভায় আশা করছে মন্ত্রণালয়।

এমআর