কুমিল্লার চান্দিনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আলী মিয়ার পাঁচ ছেলে এবং পাশ্ববর্তী আব্দুল হাকিমের চার ছেলের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
গতকাল মঙ্গলবার সকালে মৃত আলী মিয়ার ছেলে তৌফিক ওই জমির একটি গাছের ডালা কাটতে গেলে বাঁধা দেয় আব্দুল হাকিমের ছেলেরা।
তারপর দুই পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে আব্দুল হাকিমের ছেলে ও পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মৃত আলী মিয়ার পরিবারের উপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হয় সফিক, তৌফিক, ফারুক ও তার স্ত্রী লিলি বেগম।
এমতাবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সফিকুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় সফিকুল ইসলামের।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সাল জানান, নিহত সফিকুল ইসলামের বড় ভাই মমতাজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে।





