কবি, কলামিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে তার স্ত্রী ফরিদা আখতারের দায়ের করা মামলা তদন্তের জন্য ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশ ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফরহাদ মজহারকে অপহরণ সংক্রান্ত মামলাটি তদন্তের জন্য মঙ্গলবার সন্ধ্যায় ডিবিতে হস্তান্তর করা হয়েছে।’
প্রসঙ্গত, ফরহাদ মজহারকে সোমবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে তার পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের নওয়াপাড়ায় খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে ফরহাদ মজহারকে রাজধানীর আদাবর থানায় আনা হয়। সেখান থেকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির (মিডিয়া) যুগ্ম -কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার জানিয়েছেন- সোমবার সকালে ওষুধ কেনার জন্য তিনি বের হলে কয়েকজন অজ্ঞাত লোক চোখ বেঁধে নিয়ে যায়। এরপর তিনি আর কিছুই জানেন না। পরে ফরহাদ মজহারের ফোন থেকে তার পরিবারের কাছে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চান অপহরণকারীরা।’
অপহরণের বিষয়ে আদালতে জবানবন্দি দেন ফরহাদ মজহার। এছাড়া তিনি নিজ জিম্মায় বাসায় ফিরতে চাইলে আদালত অনুমতি দেন। এরপর চিকিৎসার জন্য বারডেমে ভর্তি হন ফরহাদ মজহার। বর্তমানে সেখানে তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এমএনজে





