মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন।

বুধবার (১০ মার্চ) রেলভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার রেলমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। খবর বাসস’র।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে সে সব বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে রেলমন্ত্রী যুক্তরাষ্ট্রের তৈরি ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ বিষয়ে উল্লেখ করেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ৫টি লটে ৪০টি লোকোমোটিভ আসবে। ইতোমধ্যে প্রথম লটের ৮টি বাংলাদেশে চলে এসেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম যে ১শ’টি লোকোমোটিভ বাংলাদেশে সরবরাহ করবে সেগুলোও আমেরিকার একই কোম্পানি প্রগ্রেস রেল যন্ত্রপাতি সরবরাহ করবে। এসব লোকোমোটিভ চালানোর জন্য দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেয়াসহ এসবের যন্ত্রাংশ যাতে সহজেই পাওয়া যায় সেজন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি এদেশের রেলওয়েতে কীভাবে যুক্ত করা যায় তা দেখার জন্য মন্ত্রী আহ্বান জানান।

এ সময় বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো সমস্যা তুলে ধরে রেলমন্ত্রী বলেন, ডাবল লাইন নির্মাণ করা খুবই জরুরী। তিনি রেলওয়ের ডাবল লাইন নির্মাণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

এছাড়া মন্ত্রী বলেন, আমেরিকার ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে রেলওয়েতে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখতে পারে। তিনি এদেশে যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ কারখানা নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় আরও ১০টি লোকোমোটিভ একই দামে আমেরিকার সরবরাকারী প্রতিষ্ঠান প্রগ্রেস রেল থেকে কেনার বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসব বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।

সভায় ঢাকায় মার্কিন দূতাবাসের ইকোনোমিক অফিসার জেফরি ডির্কস উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচলক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি