বর্ষাকালে চলনবিল এলাকার নদী ও বিলগুলোতে প্রায় প্রতি দিনই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এসময় বিলাঞ্চলের মানুষের হাতে কাজ কম থাকায় তারা নানা বিনোদনে মেতে উঠে। সে রকমই বিনোদনের জন্য সোমবার বিকালে পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অংশের বোয়াইলমারী এলাকার কুকড়াড়াড়ীর বিলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন গ্রামবাসী।

কুকড়াগাড়ী ও ইসলামপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে বিলের মাঝখানের চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়ালমারীতে মানুষের ঢল নেমেছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএমএ এর সভাপতি ডা. গোলজার হোসেন। সভাপতিত্ব করেন- আলহাজ খবির উদ্দিন প্রামানিক।

প্রতিযোগীতায় আবু বক্কর সরদারের নৌকা প্রথম, তুফান মন্ডলের নৌকা দ্বিতীয় স্থান এবং মোবারক হোসেনের নৌকা তৃতীয় স্থান দখল করে পুরস্কার জিতে নেয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আর নৌকা বাইচ পরিচালনা করেন এসএম আব্দুল মান্নান মাস্টার। এলাকার বিনোদন পিয়াসী বিপুল সংখ্যক মানুষ নৌকা বাইচটি উপভোগ করেন।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই