কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় পুলিশের টহল ভ্যানে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এ সময় পুলিশের গাড়িটি খাদে পড়ে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবগত রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর থানা পুলিশের একটি টহল ভ্যান সুহিলপুর এলাকায় টহল দেয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরগামী দ্রুতগামী একটি গাড়িকে সন্দেহ করে। পুলিশ সন্দেহজনক গাড়িটিকে ধাওয়া করে সদর উপজেলার ঘাটুরা পর্যন্ত নিয়ে আসে।
এ সময় পুলিশের গাড়ির লুকিং গ্লাস বরাবর গুলি চালায় দুর্বৃত্তরা। টহল ভ্যান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পাশের এলাকায় খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা পুলিশ কনস্টেবল আরিফুল, মিঠুন ও শহীদুল আহত হন।
তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ সন্দেহ হওয়ায় সুমন ও শাহীন নামে দুই যুবককে আটক করে।
এআই





