সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব বাংলাবাজার এলাকা থেকে এক মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. তৌহিদ মিয়া (৩০)। তার বাড়ি কলাউড়া গ্রামে।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন আহমদ রানা জানান, মো. তৌহিদ মিয়া কলাউড়া বাজারের দীর্ঘদিন ধরে মোবাইল ফোন রিচার্জের ব্যবসা করে আসছিলেন। তারা তিন ভাই।

আজ শুক্রবার (৯ নভেম্বর) ভোরে ইউনিয়ন পরিষদের গলির সামনের সড়কে লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশের গলাকাটা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করে পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’


জেড