ফেনীতে ভূমি নিয়ে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. মারুফ (৬)।
শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় মোট তিনজনের মৃত্যু হল।
বৃহস্পতিবার রাতে ফেনী শহরের মহিপালে জমি নিয়ে বিরোধের জেরে চৌধুরী বাড়ির শহীদ, স্বপন, মিঠু চৌধুরী ও সাহেব চৌধুরী গংরা হামলা চালায় স্থানীয় আলাউদ্দিনের বাড়িতে।
এসময় তাদের ছোড়া গুলিতে মাঈন উদ্দিন (৪৫) ও আকলিমা আক্তা (১৩) নিহত হয়। গুরুতর আহত হয় মো. মারুফ (৬), সাইফুল ইসলাম রিপু (৩৫) ও আলাউদ্দিন (৩০)। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার পরদিন ৪৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত মাইন উদ্দিনের বড় ছেলে মো. মোমিনুল হক নয়ন। ফেনী মডেল থানায় তিনি মামলাটি করেন। এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহিন উজ জামান শিশু মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ চট্টগ্রাম থেকে ফেনীতে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।
এমকে





