সকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে ভারী বর্ষণ। ভোর ছয়টা থেকেই আকাশে কালো মেঘ জমে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি।
প্রায় আড়াই ঘন্টার টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে যানজট।
যানজটে অফিসগামী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের গন্তব্যে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার সকাল সোয় ৯টায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রাজধানীর কোনো কোনো সড়কে হাঁটু পানি জমে গেছে। রাজধানীর মানিক মিয়া এ্যভিনিউ, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭, সোবহানবাগ, বসুন্ধরা সিটির পেছনে গার্ডেন রোড, পান্থপথ মোড় পার হয়ে গ্রিনরোডের কিছু জায়গা, পশ্চিম তেজতুরী পাড়া, ফকিরাপুর, খিলগাঁও, মতিঝিল, পল্টনসহ বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে কারওয়ান বাজারের কাঁচাবাজার এলাকায় খেটে খাওয়া মানুষের চরম ভোগান্তি দেখা যায়। মাত্র আধঘণ্টা রাস্তায় প্রায় হাঁটু পানি উঠে যায়। সবজিসহ কাঁচা পণ্য নিয়ে বিপাকে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেক জায়গায় পানিতে ভাসতে দেখা যায় সবজি।
আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।
জেড





