শেফালী রানী ক্ষুদ্র ঋনের টাকা দিয়ে কেনা সেলাই মেশিন দিয়ে বদলে ফেলেছে নিজের ভাগ্যের চাকা। কাপড় সেলাই এবং বিক্রি করে স্বাবলম্বী হয়েছে। কাপড় সেলাই করে তার বর্তমানে দৈনিক আয় ৪০০/৫০০ টাকা। শেফালী রানীর দেখাদেখি অনেকে চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হচ্ছে।

শেফালী রানী বীরগঞ্জের নিজপাড়া ইউপির দামাইক্ষেত্র গ্রামের বাসিন্দা। এক ছেলে এক মেয়ের জননী। ইলেকক্টিক মিস্ত্রি স্বামীর স্বল্প আয়ে কোন রকমে চলছিল সংসার। ছেলেমেয়ের লেখাপড়ার খরচও জোগাতে পারছিল না। অবশেষে সন্ধান পায় বীরগঞ্জ উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিম এইড এর ঋণ কর্মসূচীর।

শেফালী ২০১২ সালের নভেম্বর মাসে মুসলিম এইড এর হাবলুহাট সমিতির সদস্য হন। প্রথমে ৮হাজার টাকা ঋণ নিয়ে সেলাই মেশিন ক্রয় করে কাজ শুরু করেন। তাতে তার দৈনিক আয় হতো ১৫০/২০০ টাকা। শুরু হয় পথ চলা।

পরবর্তীতে ২য় ধাপে ১০ হাজার টাকা ঋণ গ্রহণ করে ক্ষুদ্র পরিসরে ছিট কাপড় দোকানে তোলেন। একদিকে সেলাই মেশিনের আয় অপরদিকে কাপড় বিক্রয়সহ সব মিলে তার বর্তমানে দৈনিক আয় ৪০০/৫০০ টাকা। এভাবেই তার জীবনের গতি পাল্টে দেয়। সে এখন অনেকের কাছে অনুকরনীয় হয়ে উঠেছে।

বর্তমানে তার এক ছেলে ১০ম শ্রেণীতে আর এক মেয়ে ৩য় শ্রেণীতে পড়ছে। তাদের সংসার এখন বেশ ভালোভাবেই চলছে। ভবিষ্যতে দোকানের পরিসর আরও বড় করবেন বলে জানান শেফালী রানী।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই