ঈদুল ফিতরের দিন লাখো মুসল্লি একত্রিত হয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। দেশের সর্বোচ্চ এ মাঠে অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদের জামায়াত।
প্রায় ২ লাখ ৫৯ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট জাতীয় ঈদগাহ ময়দানটি প্রস্তুত করতে নিরন্তর কাজ করছে ৮০জন শ্রমিক। গত পাচঁ রমজান থেকে কাজ শুরু হয়ে এখনও চলছে ঈদগাহ ময়দান পরিপাটি ও সৌন্দর্য বর্ধনের কাজ।
ঈদগাহ মাঠ সাজানো ও নামাজের জন্য প্রস্তুত করার দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়ারু সর্দার এন্ড সন্স ডেকোরেটরের ম্যানেজার মো. মোজাম্মেল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদের নামাজের জন্য ঈদগাহ প্রস্তুতির কাজ পেয়েছি। ২৮ রমজানের মধ্যে ঈদগাহ পুরোপুরি নামাজের জন্য প্রস্তুত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, সরকারের পক্ষ থেকে জাতীয় ঈদগাহের সার্বিক বিষয়গুলো দেখাশুনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ সাধারণ মানুষেরা নামাজ আদায় করবেন। আর বিশাল এ জামায়াতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন।
জাতীয় ঈদগাহে এক সঙ্গে প্রায় ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে ৪৭০টি সিলিং ফ্যান ও ৪৬৪টি বাতি লাগানো হবে। ঈদগাহ মাঠের পূর্বপাশে থাকবে পানি ও অজুখানার ব্যবস্থা। অজুখানায় এক সঙ্গে ১৬০ নারী-পুরুষ মুসল্লি অজু করতে পারবেন। একই সঙ্গে ভিআইপি মুসল্লিদের জন্য একটি টয়লেটের ব্যবস্থাও থাকবে বলে জানা গেছে।
জাতীয় ঈদগাহে নারীদের ঈদের নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করা হচ্ছে। আলাদা ব্যবস্থা থাকছে কূটনৈতিক মিশনের সদস্য ও তাদের স্ত্রীদের জন্য।
এ ছাড়া ঈদগাহ ময়দানজুড়ে সার্বিক নিরাপত্তা বলায় গড়ে তুলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য ইতোমধ্যেই ঈদগাহ মাঠের চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, যা দিয়ে সারাক্ষণ পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





