পাবনার সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ শামসুজ্জোহা ছাত্রাবাসের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।

শনিবার রাত ১১টার দিকে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্রবাসের কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়।

ছাত্রবাসের আবাসিক ছাত্র জাহিদুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে ছাত্রাবাসের নিচতলার ছাত্রদের সঙ্গে দ্বিতীয় তলার ছাত্রদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

বিরোধ মীমাংসার জন্য ছাত্রাবাসের সুপার প্রফেসর আব্দুল আউয়াল ও সহকারী সুপার প্রফেসর রফিকুল ইসলাম শনিবার রাত ১০টার দিকে আবাসিক ছাত্রদের নিয়ে এক বৈঠকে বসেন।

এ সময় ডাইনিং রুমে একা পেয়ে নিচতলার রেজাউল নামে এক ছাত্রকে মারধর করে দ্বিতীয় তলার দুই ছাত্র। রেজাউলের সহপাঠীরা এতে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে কমপক্ষে ১০/১২ জন আহত হন।

আহতদের মধ্যে ফরহাদ, ইলিয়াস, সুজন, সেলিম রেজা, আব্দুল হাদী ও ইমরান হোসেনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ছাত্রাবাসের ৫/৬টি কক্ষের দরজা জানালা ভাঙচুর করা হয়। পরে রাত ১২টায় খবর পেয়ে পুলিশ ছাত্রাবাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রাবাসের সুপার প্রফেসর আব্দুল আওয়াল জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাবনা সদর থানার অফিসার ইন চার্জ(ওসি) হানিফুল ইসলাম জানান, তুচ্ছ বিষয় নিয়ে ছাত্ররা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ