এ বছর হজ মৌসুমে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট আগামী রোববার (১৬ আগস্ট) যাত্রা শুরু করবে।

রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি- ১০১১ জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন।

একই দিনে হজ ফ্লাইট বিজি- ৩০১১ দুপুর আড়াইটায় ৪১৯ জন, বিজি- ৫০১১ রাত ৮ টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং সিডিউল ফ্লাইট বিজি- ০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনাস্থ হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বৃহস্পতিবার এক বার্তায় বলেন, পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সর্বাঙ্গ-সুন্দর হজ কার্যক্রম পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলাদেশ থেকে প্রায় ১০১,৭৫৮ জন হজ যাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ২৬০০ জন। অবশিষ্ট ৯৯,১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এ বছর বিমানে যাবেন মোট ২,৫৭৫ জন হজযাত্রী অবশিষ্ট ৪৮,৪২৫ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

কেএইচ