রাজধানীর মিরপুর-১ নম্বর সেক্টরে বিকাশ এজেন্ট আজিজুল হাকিমকে (২৪) গুলি করে প্রায় পাঁচ লাখ টাকা লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।

বিল সংগ্রহ শেষে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বর সেক্টর কমার্স কলেজের পাশে চেতনা স্কুলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালায়।

আজিজুল হাকিম গাবতলী পাটবাড়ি ‘শুভ্র ট্রেড ইন্টারন্যাশনাল’এ বিকাশ এজেন্ট হিসেবে কর্মরত।

তিনি জানান, মোটরসাইকেলে এসে দুইজন দুর্বৃত্ত তার পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিলো।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব হাসান জানান, গুলিবিদ্ধ বিকাশ এজেন্ট ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুভ্র ট্রেড ইন্টারন্যাশনাল-এ যোগাযোগ করা হলে কখনও তারা বলছে টাকার হিসাব নেই, আবার বলছে পাঁচ-ছয় লাখ লুট হয়েছে।

আজিজুল হামিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হবো, ব্যাগে কত টাকা ছিলো, বলেন মাহাবুব হাসান।

এমবি