দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬০ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোডে শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে তাড়াইল থেকে ঈশাখা গেইটলক সার্ভিসের একটি বাস ঢাকা যাওয়ার পথে ভৈরব থেকে আসা শ্যামলছায়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ৬০ যাত্রী। গুরুতর আহতদের ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, পুলিশ বাস দুটি জব্দ করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





