সিরাজগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এছাড়া, ৫টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে তারা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ সব ঘটনা ঘটে। এ সব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস আটকের বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলিতে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় হরতালকারীরা।

প্রায় একই সময় সিরাজগঞ্জ সড়ক ও জনপথ ভবনের সামনের সড়কে পাঁচটি অটোরিকশা ভাঙচুর চালায় হরতাল সমর্থকরা। এ সময় একটি ককটেলের বিস্ফারণ ঘটায় তারা।

পরে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লা থেকে পৌর যুবদলের সহ-সভাপতি আব্দুল হালিম ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোক্তার হোসেন মুক্তাকে আটক করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ সব বিষয় নিশ্চিত করেছেন।

এমকে