নাটোরের ঝাউতলা এলাকায় স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সিরাজ সিকদারকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার) রাত সোয়া আটটার দিকে ঘটনা ঘটে। সিরাজের বাবার নাম রুস্তম সিকদার।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, খুনিদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদর থানার পুলিশ আরও জানায়, নাটোর পৌরসভা যুবলীগের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সিরাজ সিকদার রাত সোয়া আটটার দিকে ঝাউতলা মোড়ের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

মারাত্মকভাবে আহত সিরাজকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিরাজের মৃত্যু হয়েছে।

এদিকে সিরাজের মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন। সেখানে উপস্থিত জেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রমজান আলী জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন হত্যাকারীদের চিহ্নিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কেবি