গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেও দূর-দুরান্ত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার দেখতে এসেছিলেন হাজার হাজার দর্শনার্থীরা। কিন্তু কারাগার না দেখেই ফিরে যেতে হলো হাজারও দর্শনার্থীদের। বেলা তিনটার দিকে কারা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দেয়, অনিবার্য কারণে দর্শনার্থীদের কারাগারে ঢুকতে দেওয়া যাচ্ছে না।
কারা কর্তৃপক্ষের এমন ঘোষণায় রীতিমতো হতবাক দূর থেকে আসা দর্শনার্থীরা। যাঁরা সবাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষায় ছিলেন। ক্ষোভের সুরে আবু বকর টাইম নিউজকে বলেন, অনেক দিনের স্বপ্ন, তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে কারাগারের সবকিছু দেখবেন। কিন্তু কিছুই দেখতে পারলেন না। আগে থেকে যদি কারা কর্তৃপক্ষ ঘোষণা দিতেন, তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না। এমন বিড়ম্বনাও পড়তে হতো না।এদিকে ঘোষণা শোনার পর বেশির ভাগ দর্শনার্থী ক্ষুব্ধ হন।
কারা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১০০ টাকার টিকিটের বিনিময়ে কারাগার সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকার কথা।কারাগার দর্শন বন্ধ ঘোষণার পরেও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষায় দর্শনার্থীরা। ছবি:
হঠাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দেখা গেল রোলার দিয়ে রাস্তা ঠিক করা হচ্ছে। যে কারণে কারাগার অভিমুখের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, যানযটসহ ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। কারা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিচ্ছিল, ‘অনিবার্য কারণে আপনাদের কারাগারে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ জন্য আন্তরিক দুঃখিত।’
ঘোষণা ছাড়াই কেন দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, জানতে চাওয়া হলে সহকারী কারা মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অনিবার্য কারণে দর্শনার্থীদের আজ কারাগারের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আগামীকাল শনিবারও সাধারণ দর্শনার্থীরা কারাগারে ভেতরে ঢুকতে পারবেন না।’ আবদুল্লাহ আল মামুন বলেন, ভবিষ্যতে সাধারণ দর্শনার্থীদের কারাগারে ভেতরে ঢোকার সুযোগ করে দেওয়া হবে।
এবি





